আজিজুর রহমান মুন্না|সিরাজগঞ্জ প্রতিনিধি :-
সিরাজগঞ্জে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে শীতার্ত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন, সিরাজগঞ্জের আহ্বায়ক এ. কে. এম. হাফিজুল্লাহ খান লিটন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বিসিএস কর্মকর্তারা সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
এ সময় বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।