
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিনে রোপণ করা গাছগুলো দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষা, উপকূলীয় এলাকায় মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী ‘প্লাস্টিক ফ্রি বিচ ক্যাম্পেইন’-এ অংশ নেন। এ সময় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সেন্টমার্টিনের নাজুক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা, টেকসই সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে।