আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ প্রতিনিধি:–
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পানসি-কোষা নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির সহযোগিতায় এ নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান, ঢাকা ব্যাংক পিএলসি, পূর্বাননী গ্রুপ ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট মো. আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এবং বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী মো. সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. আলতাফ হোসেন প্রামাণিক।
নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই উৎসুক জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত জলপথে পানসি ও কোষা নৌকার প্রতিযোগিতা শুরু হলে নদীর দুই তীরে জড়ো হওয়া দর্শনার্থীরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহিত করেন। পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।