বিশেষ প্রতিনিধি : ঢাকা মহানগরীর রূপনগর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রূপনগর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রূপনগর থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে রূপনগর থানা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ঢাকা প্রেসক্লাব সব সময় জনস্বার্থে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের আপ্রাণ প্রচেষ্টা এবং প্রশাসনের তৎপরতায় এ এলাকায় মাদক ও সন্ত্রাসের প্রবণতা অনেকাংশে কমে এসেছে। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শিহাব উদ্দিন বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক নিজে মাঠে থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগের ধারাবাহিকতায় মিরপুর প্রেসক্লাবও জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক মো. শফিকুল ইসলাম, দৈনিক খবরের সময় পত্রিকার প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, সাংবাদিক ইমন ও আজহার আলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর রূপনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ নোমান হোসেন যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয়দের পক্ষ থেকে প্রশংসা পাওয়া যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী ও সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনার কারণে তিনি একজন মানবিক ওসি হিসেবে পরিচিতি পাচ্ছেন বলে স্থানীয়দের অভিমত।