মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:–
শাহজাদপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম এবং আইটিসি কর্মকর্তা মাহবুবা আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তাকে কাজে লাগিয়ে তরুণ-যুবকরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।