ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ মাসুদ রানা (৪৯)। তিনি উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ থানাধীন ৪ নম্বর শালখুরিয়া ইউনিয়নের চৌরাপুকুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা নবাবগঞ্জ উপজেলার দেওগা কুন্দন গ্রামের মৃত ওয়াকিল উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দায়ের করা এফআইআর নং-০৯, তারিখ ১০ আগস্ট ২০২৬, জিআর নং-১৭৬/২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে। ওই মামলার তদন্ত ও সংশ্লিষ্টতার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।