
অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর, আহত অন্তত ৩০
স্টাফ রিপোর্ট:
দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে। দলীয় আধিপত্য, নেতৃত্বের দ্বন্দ্ব ও মিছিলের রুট নির্ধারণকে কেন্দ্র করে শুক্রবার (দুপুর আনুমানিক ১টা) কাচিনীয়া বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই পক্ষ পৃথক মিছিল নিয়ে বাজারে প্রবেশ করলে প্রথমে তর্কাতর্কি ও পরে ইট-পাটকেল, লাঠি-সোঁটা এবং লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে, মুহূর্তেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদ স্থানে চলে যান এবং পথচারীরা ছুটোছুটি করে পালিয়ে বাঁচার চেষ্টা করেন।
স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮) বলেন,“আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি দুই দিক থেকে লোকজন দৌঁড়ে আসছে। কিছু বোঝার আগেই কাচের গ্লাস, টিনের বাটি, এমনকি মোটরসাইকেল দিয়েও একে অপরকে মারতে শুরু করে। আমার দোকানের সামনের রিকশা-ভ্যান, এমনকি আত্মীয়ের প্রাইভেটকারও ভেঙে ফেলে।”
প্রায় ৪৫ মিনিট ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৫০টিরও বেশি যানবাহন ভাঙচুর করা হয়, যার মধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পিকআপ রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য গিয়ে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটকও করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন,“বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিনের কোন্দল আজ যে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে, তা দলের জন্যই আত্মঘাতী। বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা রাখার বদলে নিজেদের মধ্যেই ধ্বংসের পথে হাঁটছে।”