স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলা শাখার বর্তমান সভাপতি মারুফ পারভেজ প্রিন্সকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা।
দলীয় আদর্শে বিশ্বাসী, সংগ্রামী ও সাহসী এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন দলের দুঃসময়ে। তার নেতৃত্বে নীলফামারী জেলা ও উপজেলার প্রতিটি ইউনিটে ছাত্রদল ও যুবদলের সংগঠন সুসংগঠিত হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার রায় ঘোষণার দিন কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় পুলিশের হাতে গ্রেফতার হন মারুফ পারভেজ প্রিন্স। রাজপথে সক্রিয় থাকায় তাকে তিনদিন কারাবরণ করতে হয়। এরপরও তিনি দলের নির্দেশনা মোতাবেক রাজপথে সক্রিয় থেকেছেন, এবং রাজনীতি থেকে একচুলও পিছু হটেননি।
এ প্রসঙ্গে নীলফামারী জেলা যুবদলের এক নেতা বলেন,
"মারুফ পারভেজ প্রিন্স আমাদের পরীক্ষিত একজন সাহসী সংগঠক। ছাত্রদলের পাশাপাশি যুবদলের প্রতিটি আন্দোলন, মিছিল-মিটিংয়ে তার উপস্থিতি ও নেতৃত্ব আমরা দেখেছি। এমন নেতার নেতৃত্বে আমরা ভবিষ্যতের যুবদলকে গড়তে চাই।"
আরেক সিনিয়র নেতা বলেন,
"তিনি শুধু দলের আদর্শের প্রতি নয়, নেতাকর্মীদের সাথেও তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। মারুফ প্রিন্সের মতো নেতার প্রয়োজন এখন যুবদলের শীর্ষ নেতৃত্বে, যিনি তৃণমূলকে বুঝেন এবং তৃণমূল তাকে ভালোবাসে।"
তৃণমূলের আরও নেতাকর্মীরা বলেন,
"আমরা নতুন নেতৃত্বে এমন কাউকে চাই, যিনি মাঠে ছিলেন, আছেন এবং থাকবেন। মারুফ প্রিন্স শুধু নাম নয়, এটা এখন কর্মীদের প্রেরণার উৎস। তার হাত ধরেই আমরা আবার রাজপথে শক্তভাবে দাঁড়াতে চাই।"
তৃণমূলের জোরালো দাবি, মারুফ পারভেজ প্রিন্সকে যুবদলের নতুন নীলফামারী জেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করলে সংগঠন আরও গতিশীল হবে এবং রাজপথে যুবদলের উপস্থিতি দৃঢ় হবে।