নিজস্ব প্রতিবেদক :– রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বসতঘরের খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫।
এ ঘটনায় মোঃ ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ ইব্রাহিম হোসেন সাগরের কাঁচাপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষে থাকা খাটের তোষকের নিচে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ইব্রাহিম হোসেন সাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া (সিঁড়ির মোড়) গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। তার মায়ের নাম পারুলা বেগম।
র্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আসছিলেন। পরে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে তা ক্রয়-বিক্রয় করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।
র্যাব জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগরের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
র্যাব-৫-এর আহ্বান: মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।