মো. আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:–
সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম-সংক্রান্ত মাসিক সভা, জেলা রাজস্ব সম্মেলনসহ একাধিক গুরুত্বপূর্ণ সভা ও প্রশাসনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলনকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম-সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আদর্শ গ্রাম/আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, জেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটি এবং ভূ-সম্পত্তি জবরদখল কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিজ্ঞ সরকারি কৌঁসুলি ও ভিপি কৌঁসুলিদের সমন্বয়ে দেওয়ানি মোকদ্দমা-সংক্রান্ত মাসিক সভা এবং পুরোনো মালামাল ও গাছ নিলামে বিক্রয়-সংক্রান্ত কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় জোরদার, ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।
দিনব্যাপী এসব সভা ও সম্মেলনের মাধ্যমে জেলার বিভিন্ন প্রশাসনিক, ভূমি, রাজস্ব ও বিচার-সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।