আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জজ কোর্ট সড়ক ও চত্বর এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এবং সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, কাব স্কাউট ও ইউনিট লিডার, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।