আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ছাত্রী হল নির্মাণের জন্য নগদ ৪০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একক আজীবন দাতা ও মহীয়সী শিক্ষানুরাগী লায়ন মিসেস মোমেনা আলী।
রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁর নিজস্ব তহবিল থেকে ছাত্রী হল নির্মাণের জন্য সম্পূর্ণ এককভাবে নগদ চল্লিশ লাখ টাকা (৪০,০০,০০০/-) শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ ছাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ড—সংগীত, নৃত্য, বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতির জন্য প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট ক্রয়ে আরও পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০/-) নগদ অনুদান প্রদান করেন লায়ন মিসেস মোমেনা আলী।
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তাঁর এই অনুদানকে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া শিক্ষানগরীর রূপকার, বারবার নির্বাচিত জননন্দিত সাবেক সংসদ সদস্য এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি এম. আকবর আলী; শিক্ষাপ্রতিষ্ঠানটির একক আজীবন দাতা ও মহীয়সী শিক্ষানুরাগী লায়ন মিসেস মোমেনা আলী; কবি ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সুযোগ্য অধ্যক্ষ রোটারিয়ান ডক্টর আব্দুস সাত্তার; মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ; কৃষিবিদ আজমল হোসেন; সদস্য জাহিদ হাসান ও তৌফিকুল ইসলাম জুয়েল; উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ।