পঙ্কজ বিশ্বাস
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের ‘লাল শাপলা’ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সহকারী শিক্ষা কর্মকর্তা হিমাংশু বিশ্বাস, শিক্ষক সুরেশ চন্দ্র দাস ও অনিল চন্দ্র রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, “সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পিছিয়ে পড়েছেন, তাদের সাক্ষরতার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। একজন সাক্ষর ব্যক্তি শুধু নিজের জীবনকেই আলোকিত করেন না, বরং পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ সময় বক্তারা কোটালীপাড়ায় ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।