ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:–
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ বেলাল নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বেলাল ওই এলাকার আবদুর রহিমের ছেলে। স্ত্রী রোজিনা আক্তারের সঙ্গে তার সংসারে দুই সন্তান রয়েছে—একজন ছেলে ও একজন মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রোজিনা আক্তারের সঙ্গে বেলালের বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।”
পুলিশ জানায়, নিহত বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানা যাবে।
নিহতের স্ত্রী রোজিনা আক্তার মহেশখালীয়াপাড়ার নুরুল আলম প্রকাশ কালা সোনার মেয়ে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বেলালের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।