মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:–
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুমিত। এ সময় তিনি হাসপাতালের ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এবং বিএনপির উপজেলা পর্যায়ের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এনসিডি কর্নারের সার্বিক কার্যক্রম ও রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। তিনি ডিজিটাল বিপি মেশিনের সাহায্যে নিজের রক্তচাপ পরিমাপ করেন। পাশাপাশি ওষুধের পর্যাপ্ততা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান এবং এনসিডি কর্নারে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষের মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মারা যাচ্ছেন। অসংক্রামক রোগে মৃত্যুহার কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এ জন্য এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলায় ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ৫ হাজার ১৮২ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগী প্রতি মাসে সেবা নিয়ে থাকেন। তবে নিয়মিত ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের নিয়মিত ফলোআপ ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশের কোনো হাসপাতালেই আর ওষুধের সংকট থাকবে না। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভবিষ্যতে ওষুধের সংকটসহ এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি হবে না।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং রোগীদের জন্য নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পরিদর্শন কার্যক্রম শেষ হয়।