মোঃ জালাল উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি:–
কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) তিনি পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন। বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া ও বাজারপাড়া পরিদর্শন করেন। এ সময় নন্দীরপাড়া স্টেশনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী উপজেলার মগনামা ইউনিয়নও পরিদর্শন করেন। বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন।
সন্ধ্যায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপজেলার টইটং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টইটং ইউনিয়নের ত্রাণ কার্যক্রম পরিচালনায় অংশ নেন। এ সময় দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, “দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। এ অঞ্চলের মানুষ অত্যন্ত সাহসী। তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে জানে। পেকুয়ার মানুষের সাহস ও দৃঢ় মনোবল রয়েছে। আপনাদের প্রিয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও দুই-এক দিনের মধ্যে পেকুয়া-চকরিয়ায় আসবেন।”
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মন্নান, পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউপির চেয়ারম্যান মো. ইউনুচ, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, বিএনপি নেতা শাহাদত মেম্বারসহ উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।