নয়ন রায়, যশোর প্রতিনিধি :–
যশোরের মনিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাঠি ইউনিয়নের পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাদেবী সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পুষ্পাঞ্জলি ও ভক্তির মাধ্যমে তারা বিদ্যা ও জ্ঞানের প্রার্থনা করেন।
পূজাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন। পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে ছোট-বড় অসংখ্য অস্থায়ী দোকানপাট বসে, যেখানে দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে পূজা উপলক্ষে আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস এবং সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের সভাপতি বাবু শ্রীকৃষ্ণ মল্লিক। এছাড়াও বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজক কমিটি জানান, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করবে।
এ বিষয়ে পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু প্রশান্ত রায় বলেন, “হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সরস্বতী হলেন বিদ্যার দেবী। আমরা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ধর্মীয় ও শারীরিক চর্চার দিকেও গুরুত্ব দিয়ে থাকি। এতে শিক্ষার্থীরা অন্যায় ও দুর্নীতির পথ থেকে দূরে থাকে।”