নয়ন রায়, যশোর :-
যশোরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত শেখ এনায়েত উল্লাহর ছেলে।
তল্লাশিকালে গ্রেফতারকৃত মজিদের কাছ থেকে ৭৩৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, এই মাদকগুলো অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
